প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল, রাজধানীজুড়ে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫

আজ পবিত্র আশুরা। এ উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক হোসেনি দালান থেকে শিয়া মুসলিম সম্প্রদায় আয়োজন করেছে তাজিয়া মিছিল। রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চার শত বছরের প্রাচীন হোসেনি দালান প্রাঙ্গণ থেকে শুরু হয় এই শোক মিছিল।

তাজিয়া মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্সল্যাব ও ধানমন্ডি হয়ে ধানমন্ডি লেকের অস্থায়ী কারবালায় গিয়ে শেষ হবে। এর মধ্য দিয়ে রাজধানীতে নেমে আসে এক শোকাবহ পরিবেশ। মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই কালো পোশাকে ছিলেন। কেউ কেউ প্রতীকী ছুরি, নিশান, পতাকা, আলাম ও বেহেস্তা বহন করেন।

হোসেনি দালান ইমামবাড়ার সুপারিনটেনডেন্ট এম.এম. ফিরোজ হোসেন জানান,“তাজিয়া মিছিলটি সাজানো হয়েছে কালো ব্যানার, বেহেস্তা (লাল-সবুজ নিশান), পাঞ্জা, আলম, মাতম, দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া এবং একটি জারি তাজিয়াসহ।”

মিছিলের রুট অনুযায়ী এটি হোসেনি দালানের উত্তর গেট থেকে বের হয়ে বকশীবাজার, আলিয়া মাদ্রাসা, উর্দু রোড, আজিমপুর, ইডেন কলেজ, নীলক্ষেত, সায়েন্সল্যাব, ধানমন্ডি ২ নম্বর সড়ক হয়ে সাত মসজিদ রোড দিয়ে দুপুর আড়াইটার দিকে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হবে।

মিছিলে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে সেনাবাহিনী, র‍্যাব, সোয়াট ও অতিরিক্ত পুলিশ সদস্য।

পবিত্র আশুরা মুসলিম ইতিহাসে এক শোকাবহ দিন। হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (আ.) কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদাতবরণ করেন। তাঁর সঙ্গে শহীদ হন পরিবারের বহু সদস্য ও অনুসারী। সেই শোক ও আত্মত্যাগ স্মরণ করেই প্রতিবছর আশুরার দিন শিয়া সম্প্রদায়ের মুসলিমরা তাজিয়া মিছিল আয়োজন করে থাকেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা