প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ময়মনসিংহে নিত্যপণ্যের কৃত্রিম সংকট, অসাধু ব্যবসায়ীদের দাপট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫

ময়মনসিংহ শহরের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। চাল, পেঁয়াজ, মাছ, মাংস ও সবজির দাম কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী। পণ্য সরবরাহ স্বাভাবিক থাকলেও বাজার মনিটরিংয়ের ঘাটতি ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে তৈরি হয়েছে কৃত্রিম সংকট—এমনটাই বলছেন ক্রেতারা।

শনিবার (৫ জুলাই ২০২৫) সকালে ময়মনসিংহ শহরের মেছুয়া বাজারে বাজার করতে আসা গৃহবধূ ফারজানা আক্তার বলেন, “প্রতিদিন বাজারে এসে দামের কারণে কষ্ট করতে হচ্ছে। মাসের মাঝামাঝি আসতেই খরচে টান পড়ে যাচ্ছে। আগে যা দিয়ে পুরো সপ্তাহ চালাতাম, এখন তা দিয়ে তিন দিনও চলে না।”

একইভাবে ক্ষোভ প্রকাশ করেন দিনমজুর রহিম। তিনি বলেন,“আগে সপ্তাহে একদিন হলেও মাছ খেতে পারতাম। এখন তো এক কেজি মাছ কেনাও কষ্ট। সরকার যদি নিয়মিত বাজার তদারকি করত, তাহলে এমন অবস্থা হতো না।”

বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানে মূল্যতালিকা টানানো থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। অনেক দোকানে ক্রেতার সদেঙ্গে দরদাম করেই বিক্রি হচ্ছে পণ্য। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা। তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরি করছে।

স্থানীয় এক খুচরা বিক্রেতা আনোয়ার বলেন,“পাইকারি দামে জিনিসপত্র কিনতেই আমাদের কষ্ট হয়। মাঝে মাঝে লাভ তো দূরের কথা, পুঁজি ফিরে পাওয়াই দায় হয়ে যায়। তবে এটাও সত্যি, কিছু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে। প্রশাসন নিয়মিত মনিটর করলে এসব কমে আসবে।”

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয় সূত্র জানিয়েছে, বাজারে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা ও মামলার মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, এসব অভিযান “প্রতীকী” এবং বেশিরভাগ সময়ই প্রভাবশালী ব্যবসায়ীদের ছোঁয়া যায় না।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,“আমরা সাধ্যমতো অভিযান চালাচ্ছি, তবে জনবল সীমিত এবং অনেক সময় আগেই খবর চলে যাওয়ায় অভিযানের কার্যকারিতা কমে যায়।”

বাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে গৃহবধূ শারমিন আক্তার বলেন,“নিম্নবিত্তদের জন্য বাজারে যাওয়া মানেই দুর্ভোগ। সিন্ডিকেট যদি না ভাঙে, তাহলে এ অবস্থা থেকে মুক্তি নেই। সরকার যদি শক্ত ব্যবস্থা নিত, অন্তত কষ্টটা কিছুটা কমতো।”

বাজার বিশ্লেষক ও ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর মতে, বাজারে পণ্যের জোগান এখনো সংকটাপন্ন নয়, কিন্তু “সিন্ডিকেট ও নজরদারির দুর্বলতা” বাজার ব্যবস্থাকে অনিয়মের দিকে ঠেলে দিচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা