ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল ইসলামকে ছাত্রীদের যৌন হয়রানি ও অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মুনজুরুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বরখাস্তকালীন তিনি নিয়ম অনুযায়ী জীবন ধারণ ভাতা প্রাপ্য হবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক শিক্ষার্থীদের প্রতি অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য, পোশাক ও শারীরিক গঠন নিয়ে কটূক্তি, ক্লাসরুমে অনুপযুক্ত আচরণ এবং হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোর মাধ্যমে ভিডিও কলসহ আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে একাধিক শিক্ষার্থী লিখিত আবেদন করে প্রশাসনের কাছে।
এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বেশ কিছু জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।
এছাড়া, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে আছেন আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন। অন্যান্য সদস্যরা হলেন—লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফকরুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার এবং আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার।
তদন্ত কমিটিকে আগামী ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।