ঢাকার আকাশে আজ সকাল থেকেই মেঘের আনাগোনা। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে কয়েকদিনের প্রচণ্ড গরমের পর আজ কিছুটা স্বস্তি পেতে পারে নগরবাসী।
শনিবার (৫ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দিনের শুরুতে ঢাকায় মেঘলা আকাশ থাকবে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের সর্বনিম্ন। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ, যা এখনো অস্বস্তিকর গরমের ইঙ্গিত দেয়। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের মতে, আজ কিছুটা তাপমাত্রা কমলেও আদ্রতা বেশি থাকায় গরম অনুভব কমার সম্ভাবনা কম।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া সারা দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সামনের কয়েকদিন বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যার মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে।