প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এমন কাউকে নির্বাচিত করবেন না, যাকে পালিয়ে যেতে হয় : জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫

উন্নয়নের ধারা বজায় রাখতে জনগণকে সচেতনভাবে প্রতিনিধিকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে জামালপুরের মাদারগঞ্জে জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন,“আপনারা এমন লোককে নির্বাচিত করবেন, যিনি উন্নয়ন প্রকল্পে সঠিকভাবে অর্থ ব্যয় করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে তাকে পালিয়ে যেতে হয়। তিনি যেন জনগণের পাশে থাকেন— এমন মানুষকেই বেছে নিতে হবে।”

তিনি আরও বলেন,“আশা করি আমরা একটি সফল ও স্মরণকালের অন্যতম সেরা নির্বাচন করতে পারব। ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, প্রার্থীদের পোলিং এজেন্টরা কেন্দ্রে থাকতে পারেন এবং ভোটের পরে সবার সামনে উন্মুক্তভাবে ভোট গণনা করা হয়— সেটিই প্রধান উপদেষ্টার নির্দেশনা।”

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন,আমরা কোনো দলের সমর্থক না। জনগণ যাকে বেছে নেবেন, আমরা তাকেই স্বাগত জানাবো। তবে সুষ্ঠু নির্বাচন না হলে ভবিষ্যতে তার খারাপ প্রভাব পড়বে।”

উপদেষ্টা ফাওজুল কবির খান জানান,“জামালপুর-১ কূপে দৈনিক ৫ এমএমসিএফ গ্যাস পাওয়া গেছে, যা পূর্বে অনাকাঙ্ক্ষিত ছিল। এটি থেকে তিন কিলোমিটার দূরে আরেকটি কূপ খনন করা হবে সম্ভাব্য গ্যাস মজুদের বিষয়টি নিশ্চিত করতে।”

তিনি বলেন,“আমরা এখান থেকে প্রাপ্ত গ্যাস নষ্ট করবো না। এখানে একটি মোবাইল প্রসেসিং প্ল্যান স্থাপন করা হবে, যাতে রিফাইন করে স্থানীয় শিল্প-কারখানায় ব্যবহার করা যায়। যদি বড় কোনো গ্যাস ডিপোজিট পাওয়া যায়, তবে বৃহৎ বিনিয়োগের সম্ভাবনাও দেখা দেবে।”

এ সময় উপস্থিত ছিলেন—

  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম
  • বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক
  • পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান
  • জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম
  • অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক,
    এছাড়া আরও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা