প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আবারও মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা : উএভি ভূপাতিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে বিস্ফোরকবাহী একটি ড্রোন হামলার চেষ্টা করা হয়। তবে সেটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে কুর্দি নিরাপত্তা বাহিনী।

বৃহস্পতিবার রাত ৯টা ৫৮ মিনিটে ড্রোনটি শনাক্ত করে ভূপাতিত করা হয়। হামলায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। কুর্দি বাহিনীর ভাষ্যমতে, দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।

একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আমরা আরবিল বিমানঘাঁটির বাইরে একটি ইউএভি থেকে বিস্ফোরণের ঘটনা সম্পর্কে অবগত। এ বিষয়ে তদন্ত চলছে। আমাদের সব সদস্য নিরাপদ রয়েছে এবং ঘাঁটিতে কোনো ক্ষতি হয়নি।”

বিমানবন্দরের অন্তর্বর্তীকালীন পরিচালক ডানা তোফিক জানিয়েছেন, হামলার কারণে কেবল একটি ফ্লাইট সামান্য বিলম্বিত হয়, তবে বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
তবে বিগত বছরগুলোতে এই এলাকায় মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে একাধিকবার রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে এসব হামলার সংখ্যা বেড়ে গেছে বলে বিশ্লেষকদের ধারণা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা