দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভা। শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে এই জনসভা শুরু হয়।
জনসভাকে ঘিরে সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেন। দুপুরে জনসভাস্থলেই জুমার নামাজ আদায় করেন আগত মুসল্লিরা। নামাজে ইমামতি করেন জামায়াতে ইসলামীর রংপুর জেলার ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা নুরুল আমিন।
এদিন মাঠজুড়ে ছিলো মানুষের ঢল। ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ের মাধ্যমে দিনব্যাপী আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। জনসভা ঘিরে রংপুর নগরের গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হয় তোরণ। লাগানো হয় বড় বড় বিলবোর্ড এবং প্রচারণামূলক পোস্টার।
বিভাগীয় এ জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।
বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন—
জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম
ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল
উত্তর অঞ্চলের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
জনসভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার এবং ইসলামী রাজনীতির গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন।