প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চকরিয়ায় বাস খাদে পড়ে নিহত বেড়ে ২, আহত ১৫

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। দুর্ঘটনায় ২ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মুহাম্মদ আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “হানিফ পরিবহনের একটি বাস গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে অনেক যাত্রী বাসের ভেতর আটকা পড়ে যান। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেন।”

উদ্ধারকারীরা বাস থেকে ছয়জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ সময় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘক্ষণ উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছে দুর্গম এলাকা ও অন্ধকার পরিবেশের কারণে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তাধীন রয়েছে।

দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা