প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকায় বিড়াল ধরতে গিয়ে ১০ তলা থেকে পড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীতে ১০ তলার ছাদে পোষা বিড়াল ধরতে গিয়ে নিচে পড়ে আদিব আদনান (১২) নামে এক শিশু নিহত হয়েছে। সে শামসুল হক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদিবের বাড়ি বগুড়া জেলার শেরপুর থানা এলাকায়। বর্তমানে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল কেরানিপাড়া মোড় এলাকার মিজানের বাড়িতে পরিবারের সাথে ভাড়া থাকতো।

হাসপাতালে নিয়ে আসা ভাই রেদোয়ান জানান, সন্ধ্যার দিকে সে পোষা বিড়াল ধরতে ১০ তলা ছাদের ওপর যায়। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা