প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘আইডিয়া প্রতিযোগিতা,তরুণদের উদ্ভাবনী ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে তরুণদের অংশগ্রহণে ‘আইডিয়া প্রতিযোগিতা’ আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ। দেশজুড়ে উদ্ভাবনী প্রস্তাব আহ্বান করে প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে, যেখানে বিজয়ী আইডিয়াগুলো সরাসরি জেলা পর্যায়ে বাস্তবায়ন করা হবে।

আয়োজকেরা জানিয়েছেন, প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো তরুণদের ভাবনা ও সৃজনশীলতার মাধ্যমে গণঅভ্যুত্থানের মূল্যবোধকে সামনে আনা এবং স্থানীয় পর্যায়ে তা বাস্তব কর্মসূচিতে রূপ দেওয়া।

অংশগ্রহণের যোগ্যতা:

প্রতিযোগিতায় ১৫ থেকে ৩০ বছর বয়সী যেকোনো তরুণ-তরুণী অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারী হতে পারেন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কিংবা যেকোনো যুব ক্লাব, বিতর্ক সংগঠন, স্কাউট, রোভার বা সাংস্কৃতিক সংগঠনের সদস্য। অংশ নেওয়া যাবে এককভাবে অথবা সর্বোচ্চ তিন সদস্যের দলে। তবে দলে অন্তত একজন নারী সদস্য থাকা বাধ্যতামূলক।

আইডিয়া প্রস্তাবনার কাঠামো:

প্রতিযোগীদের ১ থেকে ২ পৃষ্ঠার ধারণাপত্র (বাংলা বা ইংরেজি ভাষায়) জমা দিতে হবে। যেখানে উল্লেখ করতে হবে:

  • আইডিয়ার শিরোনাম
  • প্রস্তাবিত কার্যক্রমের বিবরণ ও উদ্দেশ্য
  • বাস্তবায়ন পদ্ধতি
  • আনুমানিক বাজেট (সর্বোচ্চ ১০ লাখ টাকা)
  • প্রত্যাশিত সামাজিক বা সাংস্কৃতিক প্রভাব
  • প্রেরকের নাম, ঠিকানা ও যোগাযোগের তথ্য

জমা দেওয়ার সময় ও স্থান:

আগ্রহী প্রতিযোগীরা তাদের প্রস্তাবনা আগামী ৮ জুলাই ২০২৫ পর্যন্ত নিজ জেলার জেলা পরিষদ কার্যালয় বা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দিতে পারবেন। জেলা পরিষদের নির্ধারিত ই–মেইলেও জমা দেওয়ার সুযোগ থাকছে।

উদ্ভাবনী আইডিয়ার কিছু উদাহরণ:

  • দেয়ালচিত্র বা স্থায়ী চিত্রায়ন
  • পথনাটক বা মঞ্চনাটক
  • প্রদর্শনী
  • ওয়ার্কশপ ও সচেতনতামূলক ক্যাম্পেইন
  • তথ্যভিত্তিক বা সাংস্কৃতিক উদ্যোগ

প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে। এতে অংশগ্রহণকারী ব্যক্তি বা দলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে কার্যক্রম পরিচালনা ও ব্যয়ের তদারকি করবে জেলা পরিষদ।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা