দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, দেশের কিছু অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
ঢাকায় দক্ষিণ/দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ সন্ধ্যায় রাজধানীতে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ। আগামীকাল (৪ জুলাই) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে।
গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে টেকনাফে, ৮১ মিলিমিটার। সর্বনিম্ন তাপমাত্রা টাঙ্গাইলে ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ মোংলায় ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়, এবং উত্তর বঙ্গোপসাগরে রয়েছে প্রবল অবস্থানে।