প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিলের ডাক হেফাজতে ইসলামের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫

২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২৪ সালের জুলাই মাসে শহীদ হওয়া ছাত্র-জনতা এবং আলেম-ওলামাদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, “শাপলা চত্বর ২০১৩ ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া হাজারো ছাত্র, জনতা এবং আলেম-ওলামার আত্মত্যাগ আজও জাতির হৃদয়ে অমর হয়ে আছে। তাদের স্মরণে আগামী ৫ জুলাই শুক্রবার দেশের মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হবে।”

হেফাজত নেতারা বলেন, “শহীদদের সংগ্রাম ছিল ফ্যাসিবাদী শাসন ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের এই লড়াই এখনও শেষ হয়নি। আজও ইসলামবিদ্বেষী ও ভারতের দালাল চক্র দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এসব প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তারা আরও বলেন, “জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন না হলে নতুন প্রজন্ম ও ছাত্র-জনতা কাউকে ক্ষমা করবে না। দেশের স্বাধীনতা, ইসলামি মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় হেফাজতের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।”

৫ জুলাইয়ের দোয়া মাহফিল শুধু স্মরণ অনুষ্ঠান নয়, বরং তা হবে একটি নতুন ঐক্য ও গণজাগরণের আহ্বান — বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা