প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামালপুরে কিশোরী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. বছির উদ্দিন (২৬) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে, যা ভুক্তভোগীকে প্রদান করার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মো. বছির উদ্দিন বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামের আবুল হোসেনের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, বছর উদ্দিনের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত।

২০১৫ সালের ১০ জুন দুপুরে কিশোরীর নিজ বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বছির উদ্দিন। পরে বিয়ের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর ভুক্তভোগী নিজেই ওই বছরের ২৫ জুন বকশীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলাটিতে ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং আসামিপক্ষের জেরা শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছে বলে জানান আইনজীবী ফজলুল হক।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা