প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫

ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এমজেএইচ জাবেদ সংস্থাটির মহাসচিব হিসেইন ব্রাহিম তাহার সঙ্গে সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে সাক্ষাৎ করেছেন।

বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির অফিস থেকে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়।

বৈঠকে রাষ্ট্রদূত জাবেদ ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ৫১তম অধিবেশন সফলভাবে সম্পন্ন করায় মহাসচিবকে অভিনন্দন জানান। এ সময় তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যু গুরুত্বসহকারে উপস্থাপন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিষয়টি চূড়ান্ত ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত মিয়ানমারের ওপর একটি আন্তর্জাতিক বিশ্বাসযোগ্য চাপ বজায় রাখতে মহাসচিবের সহযোগিতা কামনা করেন।

মহাসচিব তাহা ওআইসি’র পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি এ সমস্যা সমাধানে সদস্য রাষ্ট্রগুলোর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, রাষ্ট্রদূত ওআইসি’র দশ বছরের কর্মসূচি (TYPOA)-তে রোহিঙ্গা ইস্যু অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার দায়েরকৃত মামলার জন্য নিরবচ্ছিন্ন আর্থিক সহায়তা নিশ্চিত করতে মহাসচিবের প্রতি আহ্বান জানান।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা