ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার দ্বিতীয় দিনের শুনানি আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে।
আজ সকালে এই মামলার চার গ্রেফতার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন—শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং তিন কনস্টেবল—সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৩ জুন ট্রাইব্যুনাল পলাতক চার আসামিকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজিরের নির্দেশ দেয় এবং রাষ্ট্রের খরচে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেয়। পলাতক চার আসামি হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম ও সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
গত ২৫ মে ট্রাইব্যুনাল মামলার সবমিলিয়ে আট পুলিশ সদস্যের বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নেয়।