ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার (বর্তমানে ওএসডি) তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরিচ্যুত করা হয়েছে। বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড দেওয়া হয়েছে।
তাপসী তাবাসসুম ফেসবুকে লিখেছিলেন,সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।
এছাড়া তিনি শহীদ আবু সাঈদসহ গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটকে বিতর্কিতভাবে উপস্থাপন করে একাধিক স্ট্যাটাস দেন, যা সরকারি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের জন্ম দেয়। বিষয়টি সামনে আসার পর গত বছরের ৬ অক্টোবর তাকে ওএসডি করা হয় এবং পরদিন সাময়িক বরখাস্ত করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) অনুযায়ী তাপসীর বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি লিখিতভাবে জবাব দেন। তবে তার জবাব গ্রহণযোগ্য না হওয়ায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং দ্বিতীয়বার কারণ দর্শানোর জবাব ও বিভাগীয় মামলার নথিপত্র পর্যালোচনা করে তাকে গুরুদণ্ড হিসেবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়।
এই বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃপক্ষের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে গুরুদণ্ড প্রদানের পক্ষে পরামর্শ দেয়। পরবর্তীতে রাষ্ট্রপতি কর্তৃক ওই সিদ্ধান্ত অনুমোদিত হয়।