প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডিএসইর নতুন প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জুলাই, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রযুক্তি খাতের দেশি ও আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতাসম্পন্ন গুণী ব্যক্তি ড. মো. আসিফুর রহমান। আজ, ২ জুলাই ২০২৫ তারিখে তিনি ডিএসইতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। ড. আসিফুর রহমান ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আশা ইন্টারন্যাশনাল গ্রুপ পিএলসি-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে, ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি জাপানের স্মার্ট সার্ভিস টেকনোলজিস কোম্পানি লিমিটেড (ফুকুওকা, জাপান)-এর ওভারসিজ অপারেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় তিনি অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, মায়ানমার ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলেন এবং আটটি প্রতিষ্ঠানের সঙ্গে সফলভাবে প্রযুক্তি সহযোগিতা প্রতিষ্ঠা করেন। এর পূর্বে তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত জাপানের কিউশ্যু বিশ্ববিদ্যালয়ের সিস্টেম এলএসআই গবেষণা কেন্দ্র-এ গবেষণা ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। তার বৈচিত্র্যপূর্ণ কর্মজীবনে তিনি আরও যেসব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সেগুলোর মধ্যে রয়েছে—

  • আশা ও আশা ইন্টারন্যাশনাল-এ তথ্যপ্রযুক্তি পরিচালক
  • এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়-এ সহযোগী অধ্যাপক
  • অ্যাঞ্জেলনেট টেকনোলজিস ইনক. (যুক্তরাষ্ট্র)-এর ঢাকা কার্যালয়ের ব্যবস্থাপক

ড. আসিফুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে ১৯৯৪ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাপানের কিউশ্যু বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি বুয়েট গ্র্যাজুয়েট ক্লাব লিমিটেড ও বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর আজীবন সদস্য। তার রয়েছে আর্থিক খাতে ব্লকচেইন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, আর্থিক মডেল তৈরির প্রযুক্তি, উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার স্থাপনা এবং স্কেলযোগ্য প্রযুক্তি ব্যবস্থাপনা–সংক্রান্ত গভীর দক্ষতা।  

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা