মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ৬০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২ জুলাই) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই সময়ের মধ্যে হামাস ও ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনা চলবে, যার মাধ্যমে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা হবে।
ট্রাম্পের ঘোষণার পরপরই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। হামাসের শীর্ষস্থানীয় কর্মকর্তা তাহের আল নুনু বলেন,
“যে কোনো যুদ্ধবিরতির চুক্তির লক্ষ্য হতে হবে স্থায়ী যুদ্ধবিরতি। হামাস সিরিয়াস এবং এই যুদ্ধ শেষ করার যে কোনো আন্তরিক উদ্যোগে রাজি।”
গত কয়েক মাস ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে ৬০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল। তবে ইসরায়েল চাইছে, এই সময় শেষ হওয়ার পর তারা আবার গাজায় হামলা চালাতে পারবে। এ অবস্থানে হামাস একমত নয়। তারা বলছে, “অস্থায়ী যুদ্ধবিরতির মধ্য দিয়েই যুদ্ধের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।”
এ বিষয়ে আরও আলোচনার জন্য আজ বুধবার কায়রোতে কাতার ও মিসরের মধ্যস্থতায় বৈঠকে বসবে হামাস প্রতিনিধি দল। সেখানে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনি সূত্র।