আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় বাংলাদেশ ছাত্রলীগের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নেতা শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।
‘জুলাই গণঅভ্যুত্থান’–সংক্রান্ত একটি মামলার বিষয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এই দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। অভিযুক্ত মন্তব্যটি একটি অডিও ক্লিপ আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়—
“আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।”
এই মন্তব্যকে আদালত অবমাননাকর হিসেবে চিহ্নিত করে বিষয়টি ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়। ফরেনসিক প্রতিবেদনে অডিও ক্লিপটির সত্যতা নিশ্চিত হওয়ার পর আদালত অবমাননার আবেদন দাখিল করা হয়।
গত ৩০ এপ্রিল মামলার প্রধান প্রসিকিউটর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই দিনে ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে শেখ হাসিনা ও শাকিল বুলবুলকে ১৫ মে’র মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো জবাব দেননি।
পরবর্তীতে আদালত তাদের ২৫ মে’র মধ্যে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিলেও সেটি মানা হয়নি। আদালত তাদের অনুপস্থিতিতেই মামলার শুনানি চালিয়ে যান এবং আজ রায় ঘোষণা করেন।
যদিও আইন অনুযায়ী এ ধরনের মামলায় আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের বাধ্যবাধকতা নেই, তবুও ন্যায়বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করেন। পাশাপাশি, আদালতের সহায়তার জন্য একজন অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ দেওয়া হয়।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন,
“ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল বুলবুলের বক্তব্য সরাসরি আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা তারা করেছেন। আদালত আইন অনুযায়ী তাদের দণ্ড দিয়েছেন।”
তিনি আরও জানান, এ রায় আদালতের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে।