প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আন্তর্জাতিক অ’পরাধ আদালতের ওয়েবসাইটে পরিশীলিত সা’ইবার হা’মলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জুলাই, ২০২৫

নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সম্প্রতি একটি পরিশীলিত ও টার্গেটেড সাইবার হামলার শিকার হয়েছে। আদালতের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আইসিসির পক্ষ থেকে জানানো হয়,

“গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালত একটি নতুন, পরিশীলিত এবং নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত সাইবার হামলার শিকার হয়েছে। হামলার পরপরই বিষয়টি আদালতের সাইবার নিরাপত্তা টিমের নজরে আসে এবং দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

সাইবার হামলার বিষয়ে সাধারণ জনগণ এবং সদস্য রাষ্ট্রগুলোকে অবহিত করা অত্যন্ত জরুরি বলে মনে করে আদালত। এক্স বার্তায় আরও বলা হয়,

“আইসিসি বিশ্বাস করে, এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য রাষ্ট্র এবং জনগণের সমর্থন গুরুত্বপূর্ণ। ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় আদালতের সক্ষমতা নিশ্চিত করতে সমর্থন একটি যৌথ দায়িত্ব।”

ঘটনার পর জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়,

“আইসিসি একটি বৈশ্বিক বিচারিক প্রতিষ্ঠান। এ ধরনের সাইবার হামলাকে হালকাভাবে নেওয়া উচিত নয়।”

প্রসঙ্গত, ১৯৯৮ সালে রোম সনদের মাধ্যমে আইসিসি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে। রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউক্রেন, হাঙ্গেরিসহ কিছু দেশ রোম সনদে স্বাক্ষর না করলেও বিশ্বের বেশিরভাগ দেশই এর সদস্য।

সদস্য রাষ্ট্রগুলোর নাগরিকদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ এলে আইসিসি বিচার করতে পারে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে, সংশ্লিষ্ট ব্যক্তিকে আইসিসিতে পাঠানো সদস্য রাষ্ট্রের দায়িত্ব।

এর আগেও, ২০২৩ সালে আন্তর্জাতিক অপরাধ আদালতের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছিল।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা