প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পিআর নির্বাচনব্যবস্থায় ফ্যাসিস্ট পুনর্বাসনের শঙ্কা: ভেবে দেখার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুলাই, ২০২৫

বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা ও ভৌগোলিক প্রেক্ষাপটে বাংলাদেশে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, তা নিয়ে রাজনৈতিক মহলকে ভেবে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “সংখ্যানুপাতিক নির্বাচনি ব্যবস্থা (PR) সমাজে ঐক্যের পরিবর্তে বিভক্তি এবং অস্থিতিশীল সরকার গঠনের কারণ হয়ে দাঁড়াতে পারে কি-না, তা রাজনৈতিক নেতৃবৃন্দকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো নিয়ে চলমান সংস্কার প্রক্রিয়ায় প্রতিটি রাজনৈতিক দল নিজস্ব বিবেচনায় প্রস্তাব দিয়েছে। তবে সেসব প্রস্তাব বাস্তব প্রেক্ষাপটে কতটা উপযোগী—তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

তারেক রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, “সংখ্যানুপাতিক ব্যবস্থার আড়ালে দেশের রাজনীতিতে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের পথ তৈরি হচ্ছে কি-না, তা আমাদের ভেবে দেখা উচিত। নতুন নতুন ইস্যু সামনে এনে ষড়যন্ত্রকারীরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে।”

গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে জনগণের ঐক্যকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি সতর্ক করেন, সংস্কার ইস্যুতে দলগুলোকে ব্যস্ত রেখে জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা হতে পারে।

উল্লেখ্য, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কমিউনিস্ট পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সংখ্যানুপাতিক বা আনুপাতিক ভোট পদ্ধতির পক্ষে মত দিয়েছে। তবে বিএনপি এই ব্যবস্থার বিরোধিতা করে প্রচলিত সংসদীয় পদ্ধতিতে নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা