যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা প্রধান এলন মাস্কের পুরনো দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে ফিরে এসেছে। আর এর ধাক্কা লেগেছে সরাসরি শেয়ারবাজারে। স্থানীয় সময় মঙ্গলবার (১ জুলাই) প্রি-মার্কেট লেনদেনে টেসলার শেয়ারের দাম এক ধাক্কায় ৪ শতাংশ পর্যন্ত পড়ে গেছে।
নতুন করে এই উত্তেজনার সূচনা মাস্কের একাধিক সমালোচনামূলক পোস্ট দিয়ে, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবিত ব্যয়বহুল বিলকে ‘One Big Beautiful Bill’ বলে কটাক্ষ করেন। মাস্কের দাবি, এই বিল দেশটির বাজেট ঘাটতিতে অতিরিক্ত ৫ ট্রিলিয়ন ডলার যোগ করবে। তিনি বলেন,
“যারা ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন, তারা পরেরবার হারবেন। সেটা আমার জীবনের শেষ কাজ হলেও।”
এ বক্তব্যে ক্ষিপ্ত হন ট্রাম্প। Truth Social-এ তিনি পাল্টা পোস্ট দিয়ে ইঙ্গিত দেন, মাস্কের প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্স-এর ওপর সরকারি ভর্তুকি পুনর্বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, তার প্রশাসন ইলেকট্রিক ভেহিকেল (EV) ম্যান্ডেট-এর বিরোধিতা করবে।
এর আগেও, গত ৫ জুন দুইজনের মধ্যে প্রকাশ্য বাকযুদ্ধের পর টেসলার শেয়ারে ১৪ শতাংশ পতন ঘটে। পরে আপাত সমঝোতার মাধ্যমে বাজার ঘুরে দাঁড়ালেও, এবার আবার সেই পুরনো উত্তেজনা ফিরে এসেছে।
বিশ্লেষকরা বলছেন, শেয়ার পতনের পেছনে শুধু রাজনৈতিক উত্তেজনাই নয়, টেসলার গাড়ি সরবরাহে সম্ভাব্য ভাটা বড় ভূমিকা রাখছে। RBC Capital Markets এর বিশ্লেষক টম নারায়ানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে টেসলা মাত্র ৩,৬৬,০০০ ইউনিট গাড়ি সরবরাহ করতে পারে—যা বাজারের গড় প্রত্যাশা ৪,০৬,০০০ ইউনিট থেকে অনেক কম।
ফলে বছরের দ্বিতীয়ার্ধে টেসলার ওপর চাপ আরও বাড়তে পারে।
টেসলার ভবিষ্যৎ এখন নির্ভর করছে শুধু গাড়ি সরবরাহ নয়, মাস্ক-ট্রাম্প সম্পর্কের গতিপথের উপরেও।