প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এনবিআরের শীর্ষ পর্যায়ের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুলাই, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঁচ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে তিনজন এনবিআরের আলোচিত ‘শাটডাউন’ কর্মসূচির নেতৃত্বে ছিলেন।

মঙ্গলবার (১ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

নতুন করে অনুসন্ধানে আসা কর্মকর্তারা হলেন— এনবিআরের অতিরিক্ত কমিশনার ও সংস্কার ঐক্য পরিষদের সদস্য আব্দুল রশীদ মিয়া, সদস্য লুৎফুল আজীম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, উপ কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম এবং যুগ্ম কমিশনার মো. তারেক হাছান।

এর আগে গত সপ্তাহে আরও ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নামে দুদক, যাদের বেশিরভাগই একই কর্মসূচির সাথে যুক্ত ছিলেন।

দুদকে জমা দেওয়া অভিযোগে বলা হয়েছে, এই কর্মকর্তারা ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দিতে সহায়তা করেছেন এবং কর আদায়ে গড়িমসি করে নিজেরা লাভবান হয়েছেন। অনেক করদাতা যখন অতিরিক্ত কর দেন, তখন সেটি ফেরত পেতে ঘুষ দিতে বাধ্য হন। এমনকি কিছু ক্ষেত্রে ঘুষ না দিলে কর ফাঁকির মিথ্যা মামলায় ফাঁসানো হয় ব্যবসায়ীদের।

অভিযোগে আরও বলা হয়েছে, এই কর্মকর্তারা বিভিন্ন সময়ে বিভিন্ন স্টেশনে কর্মরত অবস্থায় শুল্ক, ভ্যাট এবং আয়কর ফাঁকির সুযোগ করে দিয়ে ব্যক্তিগতভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারিয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা