প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজায় যুদ্ধ বন্ধে আগ্রহী ট্রাম্প, ইসরায়েলকে বার্তা দিল হোয়াইট হাউস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুলাই, ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান রক্তপাত বন্ধ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সামরিক অভিযান ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এই মানবিক সংকটের দ্রুত অবসান চান।

মঙ্গলবার (১ জুলাই) এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, “গাজা ও ইসরায়েল থেকে প্রতিনিয়ত যেসব হৃদয়বিদারক ছবি আসছে, সেগুলো আর দেখতে চান না প্রেসিডেন্ট। তিনি জীবনের মূল্য বোঝেন এবং জীবন রক্ষা করতে চান।”

তিনি আরও জানান, গাজায় যুদ্ধ বন্ধের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে মার্কিন প্রশাসন ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছে।

এদিকে আগামী সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-এর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও এই সাক্ষাৎকে কেন্দ্র করে নানা বিতর্ক তৈরি হয়েছে।

সাধারণ ইসরায়েলিরাও নেতানিয়াহুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকের মতে, তার একগুঁয়েমির কারণেই হামাসের সঙ্গে যুদ্ধবিরতি বা জিম্মিদের মুক্তি সম্ভব হচ্ছে না।

ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডেরমার বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নেতানিয়াহুর ঘনিষ্ঠ এ মন্ত্রী হোয়াইট হাউস ও পেন্টাগনের কর্মকর্তাদের সঙ্গে ইরান যুদ্ধ ও গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়। দুই বছর ধরে চলা এ যুদ্ধে সরকারি হিসাবেই অন্তত ৫৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার অধিকাংশই নারী ও শিশু।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা