প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জুলাই সনদ আদায় করেই ছাড়ব: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুলাই, ২০২৫

“জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা সহ্য করব না। আমরা তা আদায় করেই ছাড়ব”—গণঅভ্যুত্থানপূর্তি দিবসে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর এক সমাবেশে তিনি এ কথা বলেন। চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষক নাহিদ ইসলাম বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার ও গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের পথে অগ্রসর হতে হবে।”

তিনি বলেন, “যারা মনে করছেন রাজপথের হাজারো মানুষ ঘরে ফিরে গিয়েছে, তারা ভুল করছেন। আমরা দেশের প্রতিটি অঞ্চলে গিয়ে ছাত্র, তরুণ, শ্রমিক-জনতাকে সংগঠিত করব। আবার রাজপথে ফিরব। তারপর ইনশাআল্লাহ, জুলাই সনদ আদায় করেই ছাড়ব।”

আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, “যেভাবে আবু সাঈদ পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেটাই আমাদের অনুপ্রেরণা। শহীদদের রক্তের ঋণ আমরা শোধ করব—একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যিনি বলেন, “আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়েই আমরা ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছি। এই পদযাত্রার মাধ্যমে আমরা মানুষের সঙ্গে সংলাপে যাব, শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা তুলে ধরব।”

তিনি আরও বলেন, “যারা এই জাতির বিরুদ্ধে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচার হতে হবে। পাশাপাশি একটি নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ নির্বাচন দিতে হবে।”

এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও তাসনিম জারা।

অনুষ্ঠানে আবু সাঈদের মা মনোয়ারা বেগম ও বাবা মকবুল হোসেন উপস্থিত ছিলেন। আবেগঘন পরিবেশে কবর জিয়ারতের সময় অনেকে চোখের পানি ধরে রাখতে পারেননি। আবু সাঈদের মা নাহিদ ইসলামের মাথায় হাত রেখে দোয়া করেন।

কবর জিয়ারতের পরই এনসিপির নেতৃবৃন্দ রংপুর শহরের বিভিন্ন সড়কে ‘জুলাই পদযাত্রা’ করেন এবং বিকেলে টাউন হল এলাকায় পথসভায় মিলিত হন। সেখান থেকে গাইবান্ধায় আরও পথসভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা