আজ ১ জুলাই, ঐতিহাসিক জুলাই আন্দোলনের এক বছর পূর্তি। ঠিক এক বছর আগে এই দিনে বাংলাদেশের ছাত্রসমাজ ও জনতার সম্মিলিত প্রতিরোধ শুরু হয়েছিল, যার চূড়ান্ত পরিণতি ছিল দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতন। ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে হাসিনা হন বাংলাদেশের স্বাধীনতার পর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দ্বিতীয় সরকারপ্রধান।
প্রায় ১৭ কোটি মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটিতে এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। পরবর্তী জাতীয় নির্বাচন নির্ধারিত রয়েছে ২০২৬ সালের জুনে। তবে রাজনৈতিক অস্থিরতা ও গণচাপের প্রেক্ষাপটে নির্বাচন এগিয়ে আনার সম্ভাবনাও তৈরি হয়েছে।
আন্দোলনের সূচনা ও সহিংসতা
২০২৪ সালের গোড়ার দিকে সরকারি চাকরির কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া এই ছাত্র আন্দোলন দ্রুতই জাতীয় আন্দোলনের রূপ নেয়। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, শেখ হাসিনার অনুগতদের সরকারি নিয়োগে অগ্রাধিকার দেওয়া হচ্ছিল। এর আগে এক বিতর্কিত নির্বাচনেই পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন হাসিনা।
জুলাইয়ের মাঝামাঝি সময় পুলিশের গুলিতে বহু শিক্ষার্থী নিহত হলে দেশজুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। জাতিসংঘের তথ্যমতে, সহিংসতায় প্রাণ হারান প্রায় ১,৪০০ জন। সরকার কারফিউ জারি, সেনা মোতায়েন ও ইন্টারনেট বন্ধ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।
সরকারের পতন ও সেনাবাহিনীর হস্তক্ষেপ
শেষপর্যন্ত বিক্ষুব্ধ জনতা হাসিনার সরকারি বাসভবন দখল করে নেয়। সেনাবাহিনীর সাঁজোয়া যান ও ট্যাংকের ওপর উঠে নাচতে দেখা যায় বিক্ষোভকারীদের। শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। এরপর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন।
ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণ
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আন্দোলনকারীদের অনুরোধে দেশে ফিরে ‘প্রধান উপদেষ্টা’ হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। তিনি বলেন, তিনি উত্তরাধিকারসূত্রে একদম ধ্বংসপ্রাপ্ত প্রশাসনিক কাঠামো পেয়েছেন। তাঁর নেতৃত্বে একটি সংস্কারমূলক রূপরেখা গ্রহণ করা হয়, যার উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন।
রাজনৈতিক পরিসর ও বিচার
সরকার আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ ঘোষণা করেছে। শেখ হাসিনা ও তাঁর সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, বিচারবহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় দমন-পীড়নের অভিযোগে বিচার চলছে। হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং অভিযোগগুলোকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে অস্বীকার করেছেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধানসহ একাধিক শীর্ষ নেতাও বিচারের আওতায় আছেন। বিএনপি—যা এখন দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচিত—তীব্র গণচাপ সৃষ্টি করে নির্বাচনের সময়সীমা এগিয়ে আনতে বাধ্য করে সরকারকে। রমজানের আগে ভোটগ্রহণের দাবি থাকলেও সরকার বলছে, ‘সংস্কার ও বিচারে অগ্রগতি হলে’ নির্বাচন আরও এগিয়ে আনা হতে পারে।
সামনে কী?
প্রধান উপদেষ্টা ইউনূস জানিয়েছেন, আগামী ২০২৬ সালের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে গণচাপের মুখে এপ্রিলের দিকেই নির্বাচন আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নির্বাচন শেষে ইউনূস নিজেও পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ এখন ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে রয়েছে দীর্ঘকালের স্বৈরশাসনের ধ্বংসস্তূপ, অন্যদিকে একটি নতুন গণতান্ত্রিক অধ্যায়ের সম্ভাবনা—যার সূচনা হয়েছিল ঠিক এক বছর আগে, জুলাই অভ্যুত্থানে।