প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মুন্সীগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত অন্তত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ জুলাই, ২০২৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় রাতের বেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

সোমবার (৩০ জুন) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর এলাকার হাসান রাবার ইন্ডাস্ট্রির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। মুহূর্তের মধ্যে পেছন থেকে আসা দুটি দ্রুতগতির কাভার্ডভ্যান পিকআপটিকে পরপর ধাক্কা দেয়। এতে দ্বিতীয় কাভার্ডভ্যানটির সামনের অংশ চুরমার হয়ে যায় এবং চালক কেবিনে আটকে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আটকে পড়া চালককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত তিনজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর মহাসড়কে যানজট সৃষ্টি হয়। রাত দেড়টার দিকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয় যান চলাচল।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, “নিহত চালকের মরদেহ ফাঁড়িতে রাখা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত তিনটি গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা