একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তাঁর প্রাপ্ত সম্মাননার অর্থ জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের কল্যাণে দান করেছেন।
সোমবার (৩০ জুন) রাজধানীর শাহবাগে “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন”-এর কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি এ অর্থের চেক হস্তান্তর করেন।
চেকটি গ্রহণ করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর। এ সময় উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ তরুণরা আমাদের জাতির গর্ব। তাদের রক্তের বিনিময়ে আমরা ভয়ংকর ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি। তারা ইতিহাসে অমর হয়ে থাকবেন।”
তিনি আরও বলেন, “আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে সরকার ও সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। শহীদ পরিবারগুলোর প্রতি আমাদের দায়বদ্ধতা চিরকাল থাকবে।”
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, প্রাপ্ত অর্থটি শহীদ পরিবারের সদস্যদের সহায়তা ও আহতদের চিকিৎসার কাজে ব্যয় করা হবে।