প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জ্ঞান ফিরলে নিজেকে দেখেন বন্ধ রুমে—এইচএসসি পরীক্ষার্থী মাহিরার নিখোঁজের নেপথ্যে যা ঘটেছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন, ২০২৫

এইচএসসি পরীক্ষার দিন সকালে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলিকে রাজধানীর সাভার এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪। রবিবার (২৯ জুন) সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, মাহিরা বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা এবং মিরপুর সরকারি বাংলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী। ওইদিন সকাল ৮টার দিকে দ্বিতীয় দিনের পরীক্ষার জন্য বাসা থেকে বের হন তিনি। তবে নির্ধারিত সময় দুপুর ১টার মধ্যেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা কলেজে খোঁজ নিতে যান এবং জানতে পারেন—মাহিরা পরীক্ষাকেন্দ্রেই উপস্থিত হননি।

পরিবার সেদিনই রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে বিষয়টি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে র‍্যাব ছায়াতদন্ত শুরু করে এবং মেয়েটির অবস্থান সাভার এলাকায় শনাক্ত করে অভিযান পরিচালনা করে।

র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি জানান, উদ্ধার হওয়া মাহিরা জানান, বাসা থেকে বের হওয়ার পরপরই এক নারী তার কাছে এসে কথা বলেন। কথোপকথনের এক পর্যায়ে ওই নারী চেতনানাশক কিছু নাকের কাছে ধরলে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখেন—নিজেকে একটি অজানা কক্ষের ভেতরে।

মাহিরা জানান, জ্ঞান ফেরার পর কিছু সময় ওই ঘরেই ছিলেন এবং পরে সুযোগ বুঝে সুকৌশলে বেরিয়ে আসেন। এ সময় র‌্যাবের একটি টহল দল তার সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করে উদ্ধার করে এবং প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা