ইরানের ওপর নতুন করে হামলার পরিকল্পনা থাকলে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানছি।তিনি বলেন, “আলোচনার জন্য প্রস্তুতি থাকলেও মার্কিন হুমকি আর হামলার ছায়ায় কোনো সংলাপ সম্ভব নয়।”
পররাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় ফিরতে আগ্রহ দেখিয়েছে। কিন্তু এখনো যুক্তরাষ্ট্র তাদের সামরিক অবস্থান নিয়ে কোনো সুস্পষ্ট বার্তা দেয়নি, বরং আলোচনার মধ্যেই ইরানের পরমাণু স্থাপনায় হামলা করেছে।
উল্লেখ্য, চলতি মাসের ১৩ জুন ইসরায়েল ইরানের ভেতরে সামরিক অভিযান চালায়। এর দুইদিন পর ওমানে যুক্তরাষ্ট্র-ইরানের ষষ্ঠ দফার আলোচনা হওয়ার কথা থাকলেও, মার্কিন বোমারু বিমান ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালালে পরিস্থিতি জটিল হয়।
তাখত-রাভানছি বলেন, “আমরা শান্তিপূর্ণ গবেষণার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছি। এটি কোনো পরমাণু বোমা তৈরির প্রস্তুতি নয়।” তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওই দাবি প্রত্যাখ্যান করেন যে, ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে।
তিনি আরও যোগ করেন, “তোমার সমৃদ্ধকরণ শূন্য মাত্রায় রাখতে হবে—না হলে তোমার ওপর বোমা পড়বে—এটা কোনো আন্তর্জাতিক নীতি নয়, বরং জঙ্গলের আইন। আমরা সেটা মানব না।”
এদিকে, ইসরায়েল ইতিমধ্যে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলার পাশাপাশি দেশটির শীর্ষ বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে। তবে মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।