প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, উদ্বোধন করবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শহিদ সাহসী শিক্ষার্থীদের স্মরণে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামীকাল, মঙ্গলবার (১ জুলাই), রাজধানীর তেজগাঁওয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও  প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এই শিক্ষাবৃত্তির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং ও মূল্যায়ন দপ্তর সূত্র জানায়, সরকারের ঘোষিত ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা ২০২৫’-এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে এই শিক্ষাবৃত্তি চালু করা হচ্ছে, যা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মারক কর্মসূচির প্রথম ধাপ।

উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে  তেজগাঁও কার্যালয়ের করবী হলে। সেখানে শিক্ষাবৃত্তির চেক বিতরণ ও জাতীয়ভাবে অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করা হবে।

এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ ও সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার বা রেকর্ডিং করে বড় পর্দা বা মাল্টিমিডিয়ার মাধ্যমে কলেজ প্রাঙ্গণে দেখানোর ব্যবস্থা করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এই উদ্যোগের মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-আন্দোলনের ইতিহাস ও শহিদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে। এতে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, প্রতিবাদী মনোভাব ও ন্যায়ের পক্ষে অবস্থানের চেতনা গড়ে উঠবে। শহিদদের স্মৃতি চিরস্মরণীয় করে রাখাই এই শিক্ষাবৃত্তির মূল উদ্দেশ্য।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা