অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে। আজ রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শহীদ দিবস (১৬ জুলাই) ও গণ-অভ্যুত্থান দিবস (৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত থাকলেও, ৮ আগস্টের জন্য কোনো আলাদা উদযাপন থাকবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।৮ আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না।
গত বুধবার ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার।
পরিপত্রে দিবসটিকে প্রতি বছর যথাযথ মর্যাদায় প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়। দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছিল।