প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মুরাদনগরে নারী নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৫

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে গলায় ছুরি ধরে ধর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি দেশজুড়ে নিন্দার ঝড় তোলে।

এ প্রেক্ষিতে রোববার (২৯ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পোস্টে জামায়াত আমির লিখেছেন, কুমিল্লার মুরাদনগরে একজন নারীর ওপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা। লম্পটদের যে কোনো মূল্যে পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে।

তিনি আরও লিখেছেন, খুঁটির জোর যাই হোক, তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না। অন্যথায়, এই সমাজ আপাদমস্তক একটি জংলি সমাজে পরিণত হয়ে যাবে।

কুমিল্লার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) সকালে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ষণ মামলার গ্রেপ্তার প্রধান আসামি ফজর আলী। ভোর ৫টার দিকে তাকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মো. সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিক। তারা সবাই মুরাদনগর উপজেলার বাহারচর গ্রামের বাসিন্দা।

এর আগে শনিবার রাত দেড়টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের ফজর আলী এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটকের পর মারধরের শিকার হন তিনি। পরে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে গেলে উপস্থিত কিছু লোক ভুক্তভোগী নারীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা