প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অবশেষে পরীক্ষায় অংশ নিল সেই ১২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৫

দীর্ঘ অনিশ্চয়তা ও হতাশা কাটিয়ে জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সেই ১২ শিক্ষার্থী শেষ পর্যন্ত প্রবেশপত্র পেয়ে চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। রোববার (২৯ জুন) তারা শহরের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ করেন।

জেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২৮ জুন) রাতেই আনুষ্ঠানিকভাবে ১২ শিক্ষার্থীর হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয়। এরপর রোববার সকালে তারা নির্ধারিত কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে।

ঘটনার সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার, যেদিন শহরের বেসরকারি প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজের ১৭ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা ছিল। কিন্তু তারা প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। বিষয়টি জানাজানি হলে শিক্ষা বোর্ড থেকে ৬ সদস্যের তদন্ত দল জামালপুরে আসে এবং কলেজ কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পায়।

পরবর্তীতে ময়মনসিংহ শিক্ষা বোর্ড ওই প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত না করতে, জরুরি ভিত্তিতে বোর্ডের কার্যক্রম সম্পন্ন করে ১২ শিক্ষার্থীর তথ্য যাচাই ও ফরম পূরণের পর তাদের প্রবেশপত্র প্রদান করা হয়।

এ বিষয়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ওয়াহিদুর রহমান বলেন, প্রথমে ১৭ শিক্ষার্থীর কথা বলা হলেও প্রকৃতপক্ষে ১২ শিক্ষার্থীর তথ্য ও ফরম পূরণ নিশ্চিত ছিল। তাদের প্রবেশপত্র প্রদান করা হয়েছে এবং তারা আজ পরীক্ষা দিয়েছে।”

স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরেছে এই ঘটনায়। পরীক্ষার্থী ও তাদের পরিবার শিক্ষামন্ত্রী, শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন দ্রুত সমাধানের জন্য।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা