প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিজয় সরণিতে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৫

রাজধানীর বিজয় সরণি এলাকায় গভীর রাতে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী।

শনিবার (২৮ জুন) রাত ৩টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

তেজগাঁও থানার উপপরিদর্শক জান্নাতুল ফেরদৌস বাদল জানান, “দুর্ঘটনাটি কাফরুল থানা এলাকায় হলেও ৯৯৯ থেকে সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হই। আহত দু’জনকে উদ্ধার করে একজনকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এবং অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসকরা দুইজনকেই মৃত ঘোষণা করেন।”

নিহতরা একটি মোটরসাইকেলে ছিলেন এবং তাদের মাথায় হেলমেট ছিল না বলে জানান তিনি। দু’জনের পরনে ছিল কেবল হাফপ্যান্ট ও গেঞ্জি। সংঘর্ষে তাদের মোটরসাইকেল ও মাইক্রোবাস দুটোই ক্ষতিগ্রস্ত হয়। পরে সেগুলো কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “নিহতদের পরিচয় এখনও শনাক্ত হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুটি যথাক্রমে ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা