প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসেই ১ কোটি কর্মসংস্থান করবে বিএনপি ,আমীর খসরুর প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৫

বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রথম ১৮ মাসের মধ্যেই দেশের এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৮ জুন) সিলেটের জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে ‘সিলেট বিজনেস ডায়ালগ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

আমীর খসরু মাহমুদ বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা ট্রেডিং পোস্ট বা বাণিজ্যিক হাব হিসেবে দেখতে চাই।যেখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নির্দ্বিধায় আসতে পারবেন।’

সিলেটে আইটি ইন্ডাস্ট্রি হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে তথ্য প্রযুক্তি খাত। ন্যুনতম এসএসসি পাশ তরুণ-যুবকদের আইটি খাতে চাকরি দেওয়া হবে। বিদেশে যে সব তরুণ আইটিতে দক্ষ তাদেরকে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।

আমীর খসরু বলেন, ‘ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিএনপি সরকার কাজ করবে।’

দেশীয় পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী তাদেরকে সেই সুযোগ তৈরি করে দেওয়া হবে। কৃষিপণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যেও বিএনপি কাজ করবে।

সিলেট ও জাতীয় অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সম্মিলিত অগ্রগতির রূপরেখা নিয়ে এই সিলেট বিজনেস ডায়লগ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাবেক সভাপতি ফজলুল হক।

এছাড়া অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম আব্দুল মালেক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা