প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আনিসার পরীক্ষার সুযোগ বিবেচনায়: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৫

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন)। প্রথম দিনেই মানবিক একটি ঘটনা নজরে আসে কর্তৃপক্ষের। স্ট্রোক করা মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে রাজধানীর মিরপুরের একটি কেন্দ্রে পৌঁছালেও পরীক্ষা দিতে পারেননি আনিসা আহমেদ নামের এক শিক্ষার্থী।

বিষয়টি প্রকাশিত হওয়ার পর তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, “মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী।”

শিক্ষা উপদেষ্টা আরও জানান, পরীক্ষার্থী আনিসাকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে ২৬ জুন, সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে পৌঁছালেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় আনিসাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। তিনি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

আনিসার সঙ্গে আসা খালা সাংবাদিকদের জানান, “আয়েশার বাবা নেই এবং সকালেই তার মা স্ট্রোক করেছেন। আয়েশা মাকে হাসপাতালে ভর্তি করিয়ে পরীক্ষা দিতে এসেছিল, কিন্তু ততক্ষণে সময় পেরিয়ে গেছে।”

ঘটনাটি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয় এবং অনেকেই মানবিক দৃষ্টিকোণে আনিসাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা