প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মায়ের স্ট্রোকে বিপর্যস্ত আয়েশা, কেন্দ্রে গিয়েও এইচএসসি পরীক্ষা দিতে পারলেন না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুন, ২০২৫

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই ঢাকায় ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা। মিরপুরের শিক্ষার্থী আয়েশা সরকারি বাংলা কলেজ কেন্দ্রে পৌঁছান পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর, কারণ সকালেই তার মা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। সময়মতো কেন্দ্রে না পৌঁছানোয় তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। উপস্থিত অভিভাবকরা বিষয়টিকে দুঃখজনক ও অমানবিক বলে মন্তব্য করেছেন।

রাজধানীর মিরপুরে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আয়েশা আজ পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর সরকারি বাংলা কলেজ কেন্দ্রে উপস্থিত হন। কিন্তু নির্ধারিত সময়ের পর কেন্দ্রে পৌঁছানোয় তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক তাকে প্রবেশে বাধা দেন।

আয়েশার সঙ্গে আসা তার খালা গণমাধ্যমকে জানান, আয়েশার বাবা নেই এবং আজ সকালেই তার মা স্ট্রোক করেছেন। মা অসুস্থ হয়ে পড়ায় আয়েশার পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয়।

কেন্দ্রের বাহিরে থাকা প্রত্যক্ষদর্শী অভিভাবকরা জানান, মানবিক দিক বিবেচনার মেয়েটিকে পরীক্ষা দিতে দেওয়া উচিত ছিল। তার মা স্ট্রোক করেছেন এমন জরুরি পারিবারিক পরিস্থিতিতে শিক্ষার্থীর প্রতি কিছুটা নমনীয়তা দেখানো যেত।

প্রসঙ্গত, এ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জানা গেছে, ২০২৪ সালের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা