২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সারাদেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।
চলতি বছর মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে ছয় লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী অংশ নিচ্ছেন।
রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, যথাসময়ে পরীক্ষা শুরু হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়। পরীক্ষাকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। কেন্দ্রের বাইরে ছিলেন শত শত অভিভাবক, যারা সন্তানদের জন্য অপেক্ষা করেছেন পুরো সময়জুড়ে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি ভাসানটেক সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ কেন্দ্র ঘুরে পরীক্ষা ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনের সময় তিনি বলেন, “সুষ্ঠু ও নিরাপদ পরীক্ষা নিশ্চিত করতে আমরা সচেষ্ট।”
স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কেন্দ্রে ছিল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা। ডেঙ্গু প্রতিরোধেও নেওয়া হয়েছিল সতর্কতা।
এইচএসসি ও সমমানের পরীক্ষার লিখিত অংশ চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।