২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই রাজধানীর দুটি কেন্দ্রে সরেজমিন পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
বৃহস্পতিবার (২৬ জুন) বেলা পৌনে ১১টার দিকে তিনি ভাসানটেক সরকারি কলেজে পরিদর্শনে যান। পরে সরকারি বাঙলা কলেজেও যান তিনি। পরীক্ষার পরিবেশ, ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক বিষয়ে ব্রিফিং দেওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা বলেন, পরীক্ষার সার্বিক পরিবেশ, কেন্দ্রের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যালোচনার অংশ হিসেবে শিক্ষা উপদেষ্টার এই পরিদর্শন। কেন্দ্র পরিদর্শন শেষে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে শিক্ষা উপদেষ্টার ব্রিফিং করার কথা রয়েছে।এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা।
এবার ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা কেন্দ্র পরিদর্শনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।