গাজা সংকটের অবসানে যুদ্ধবিরতির সম্ভাবনা খুব কাছাকাছি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানে সাম্প্রতিক হামলার পর গাজা ইস্যুতে বড় অগ্রগতি হয়েছে। খুব শিগগিরই ‘খুব ভালো খবর’ আসতে পারে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির সম্ভাবনাও কিছুটা বাড়িয়েছে। ‘এটি কিছুটা সহায়তা করেছে। তবে সত্যি বলতে, এর আগেই আমরা একটি চুক্তির খুব কাছাকাছি ছিলাম,’ বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তার এই বিষয়ে আলোচনা হয়েছে।
উইটকফের উদ্ধৃতি দিয়ে ট্রাম্প বলেন, তিনি আমাকে বলেছেন গাজার যুদ্ধবিরতির বিষয়টি খুবই কাছে। স্টিভ এই বিষয়ে অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি।