২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয়েছে। সারাদেশে হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষার হলে বসেছে, আর পরীক্ষাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থেকে প্রিয় সন্তানের জন্য অপেক্ষা করছেন অভিভাবকরা।
রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘিরে সকাল থেকেই অভিভাবকদের ভিড় দেখা গেছে। সকাল ৯টা থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করে। কেউ এসেছেন বাবার হাত ধরে, কেউ মায়ের সঙ্গে; আবার কেউ এসেছেন মা–বাবা দুজনকেই সঙ্গে নিয়ে।
কেন্দ্রের বাইরে ছাতা, হাতপাখা, পানির বোতল নিয়ে দীর্ঘ সময় বসে থাকতে দেখা গেছে অনেক অভিভাবককে। কেউ কেউ খাতা-কলম নিয়ে সময় কাটাচ্ছেন, কেউবা নামাজ পড়ে দোয়া করছেন সন্তানের সাফল্যের জন্য।
দৈনিক স্বদেশ বাংলাকে এক অভিভাবক বলেন, “আমার ছেলে পরীক্ষা দিচ্ছে। আমি সাড়ে ৯টায় এসে পৌঁছেছি। পরীক্ষা শেষ হলে একসঙ্গেই বাসায় ফিরে যাব।”
শুধু পড়াশোনা নয়, এই দিনে শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ে সন্তানদের সাহস জোগাতে ছায়ার মতো পাশে থাকেন বাবা-মা। অপেক্ষার এই দৃশ্য যেন পরীক্ষার বাইরেও আরেকটা নিঃশব্দ ভালোবাসার গল্প বলে।