মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের বিএনপি অফিসের সামনে থেকে বোমা সদৃশ দুটি বস্তু ও একটি হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৭টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে বস্তু দুটি ও চিরকুটটি জব্দ করে। বিষয়টি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় ওষুধ ব্যবসায়ী আবির হোসেন বলেন, নওদা বাজারে বিএনপি অফিসের সামনে একটি লাল টেপ ও আরেকটি কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে এবং সদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করে।
গাংনী থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, উদ্ধারকৃত চিরকুটে লেখা রয়েছে- ‘শেখ হাসিনা পালিয়ে গেছে তো কি হয়েছে জায়গার মাল জাইগায় বসে আছি। ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মতো হবে।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দুটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় নিয়েছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।