জয়পুরহাটের ক্ষেতলাল থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী সম্প্রতি একটি পুরোনো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থানায় আর দেখা যায়নি। ১৩ জুন তিনি ওসি হিসেবে যোগ দিলেও, ২০১২ সালের একটি ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ২৫ জুন সকালে তিনি থানায় আসেননি বলে জানা গেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ২০১২ সালের ৫ নভেম্বর জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনা। সেই অভিযানে তৎকালীন জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করা হাশমত আলীকেও লাঠিচার্জ করতে দেখা যায়।
জানা যায়, ওই দিনের ঘটনায় জামায়াতের কেন্দ্রীয় নেতা ও জয়পুরহাট জেলা সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলামসহ অনেক নেতাকর্মী আহত হন। জামায়াতের দাবি, শিবির কর্মী বদিউজ্জামান পুলিশের গুলিতে নিহত হন এবং সেই গুলির জন্য হাশমত আলীকে দায়ী করা হয়।
ওই পুরনো ভিডিও ভাইরাল হওয়ার পর জনমনে ক্ষোভ দেখা দেয় এবং ওসি হাশমত আলীর উপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরদিন সকালে তিনি থানা ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন থানার ইনস্পেক্টর (তদন্ত) এস এম কামাল। তিনি জানান, ওসি হাশমত আলী সকালেই সরকারি মোবাইল হস্তান্তর করে জেলা পুলিশের (এসপি) অফিসে যান এবং এরপর আর ফিরে আসেননি। ধারণা করা হচ্ছে, তিনি ছুটিতে গেছেন।
এদিকে, জামায়াতে ইসলামীর ক্ষেতলাল উপজেলার সেক্রেটারি শামীম হোসেন মন্ডল অভিযোগ করে বলেন, “ওসি হাশমত আলী অতীতে আমাদের নেতা অধ্যাপক নজরুল ইসলামকে আঘাত করেছেন, অনেক ভাইকে গ্রেপ্তার করেছেন। বদিউজ্জামানের মৃত্যুর জন্য তিনিই দায়ী। এবার ফের ওসি হিসেবে এসে এলাকায় আতঙ্ক তৈরি করেছিলেন।”
এ বিষয়ে ওসি হাশমত আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।