প্রতিবছর বর্ষাকাল এলেই দেশে এক আতঙ্কের নাম হয়ে ওঠে ডেঙ্গু জ্বর। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এটি একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস নামক একটি মশার মাধ্যমে ছড়ায়। সাধারণত বৃষ্টির সময় জমে থাকা পরিষ্কার পানি এডিস মশার প্রজননের আদর্শ স্থান। ফলে বর্ষা শুরু হওয়ার কিছুদিন পর থেকেই ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়।
ডেঙ্গু কীভাবে ছড়ায়?
ডেঙ্গু জ্বর ছড়ায় এডিস ইজিপ্টাই নামক স্ত্রী মশার মাধ্যমে। এই মশাটি দিনের বেলায়, বিশেষ করে সকাল এবং সন্ধ্যার সময় বেশি সক্রিয় থাকে। এডিস মশা ডেঙ্গু ভাইরাস বহন করে এবং এটি মানুষের শরীরে প্রবেশ করলেই সংক্রমণ শুরু হয়।
ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ
ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে সংক্রমণের ৩ থেকে ৭ দিনের মধ্যে বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। তবে লক্ষণ সব সময় একরকম হয় না, এটি নির্ভর করে ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা ও রোগ প্রতিরোধ ক্ষমতার উপর। নিচে ডেঙ্গুর কিছু সাধারণ ও গুরুতর লক্ষণ তুলে ধরা হলো—
সাধারণ লক্ষণসমূহ:
- উচ্চ জ্বর (১০২-১০৪°F বা ৩৯-৪০°C পর্যন্ত)
- তীব্র মাথাব্যথা
- চোখের পেছনে ব্যথা
- পেশি ও হাড়জোড়ায় ব্যথা (এই জন্যই ডেঙ্গুকে ‘ব্রেকবোন ফিভার’ও বলা হয়)
- বমি ভাব বা বমি
- চর্মরোগ বা ফুসকুড়ি
- চোখ-মুখ ও নাক থেকে রক্তপাত (কখনো কখনো)
- চরম ক্লান্তি ও দুর্বলতা
গুরুতর ডেঙ্গুর লক্ষণ (Severe Dengue বা Dengue Hemorrhagic Fever):
- প্লেটলেট কমে যাওয়া
- ত্বকে লাল দাগ বা রক্ত জমাট
- শরীরের ভেতরে রক্তক্ষরণ
- শক সিনড্রোম (রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যাওয়া)
- মৃত্যু পর্যন্ত হতে পারে, যদি সময়মতো চিকিৎসা না হয়
কখন চিকিৎসকের কাছে যাবেন?
- জ্বর তিন দিনের বেশি স্থায়ী হলে
- রক্তপাত শুরু হলে (মাড়ি, নাক, প্রস্রাব বা পায়খানার সাথে)
- প্রস্রাব কমে গেলে বা ত্বক ফ্যাকাশে হয়ে গেলে
- তীব্র পেটব্যথা বা ঘন ঘন বমি হলে
প্রতিরোধই সবচেয়ে বড় করণীয়
ডেঙ্গু প্রতিরোধে এখনো কোনো কার্যকর ভ্যাকসিন বা নির্দিষ্ট ওষুধ নেই। তাই সতর্কতা অবলম্বনই হলো একমাত্র উপায়। নিচে কিছু পরামর্শ দেওয়া হলো—
- বাসা ও বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন
- ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ফ্রিজের নিচে বা এসির পানি জমতে দেবেন না
- দিনে ঘুমালে মশারি ব্যবহার করুন
- মশার প্রজননস্থল ধ্বংস করুন
- মশারোধী ক্রিম, স্প্রে বা কয়েল ব্যবহার করুন
বর্ষার এই সময়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়লেও সচেতনতা ও সতর্কতায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব। নিজের ও পরিবারের সুরক্ষায় পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। অল্প লক্ষণ দেখা দিলেই দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।