প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শুক্র ও শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব সেবা চালু থাকবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন, ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)  আগামী শুক্র ও শনিবার ছুটির দিনে খোলা থাকবে। এ দুদিন মিলবে সব ধরনের নাগরিক সেবা। নগর ভবনের পাশাপাশি আঞ্চলিক কার্যালয়সহ সব পর্যায়ের অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে দীর্ঘদিন সেবা বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে খুলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের প্রধান ফটক। চালু হয়েছে সেবা কার্যক্রম। পাশাপাশি ইশরাক অনুসারীদের অবস্থান কর্মসূচিও চলমান রয়েছে।

গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত নগর ভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ ছিল। সেসময় দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাকপন্থি কর্মচারীরা নগর ভবনের মূল ফটক আটকে রাখার পাশাপাশি প্রতিটি বিভাগে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে রাখেন।

পরে ঈদের বিরতির পর গত ১৫ জুন থেকে আবার ইশরাকের অনুসারীরা অবস্থান কর্মসূচি পালন করতে শুরু করেন। ফলে গত পরশু পর্যন্ত প্রধান ফটকসহ অন্যান্য বিভাগে তালা দেওয়া ছিল। দীর্ঘদিন পর গতকাল প্রধান ফটকসহ অন্যান্য বিভাগের তালা খুলে দেওয়া হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা