চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ভয়াবহ ও বেদনাদায়ক এক ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, গভীর রাতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী।
ভুক্তভোগী মো. উজ্জ্বল (৩৫), নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চওড়াপাড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে। তিনি কিছুদিন ধরে দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগমের (২৫) সঙ্গে শ্বশুর বাবর আলীর বাড়িতে বসবাস করছিলেন।
সোমবার (২৩ জুন) রাত আনুমানিক ২টার দিকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে উজ্জ্বলের সংবেদনশীল অঙ্গে আঘাত করেন স্ত্রী কল্পনা। রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকেন তিনি। পরবর্তীতে উজ্জ্বলের মোবাইল থেকে অজ্ঞাত এক ব্যক্তি তৃতীয় স্ত্রী ফারজানা বেগমকে ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে ফারজানা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উজ্জ্বলকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর থেকে কল্পনা বেগম ও তার বাবা বাবর আলী পলাতক রয়েছেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এটি অমানবিক ও চাঞ্চল্যকর ঘটনা। ভুক্তভোগীর শারীরিক অবস্থা গুরুতর। ইতোমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত চলছে। অভিযুক্তদের ধরতে চেষ্টা চলছে।”
স্থানীয়দের মতে, পারিবারিক কলহ থেকে এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।