প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ব্যবসায়ীকে দাড়ি ধরে টানাটানি, মারধরের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৫

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক কম্পিউটার ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ঘিওর থানা রোডের ‘মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার’-এর মালিক আলী আজম মানিককে দোকানে ঢুকে দাড়ি ধরে টেনে হেনস্তা করছেন অপর একজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে ঘিওর বাজারের টিন ব্যবসায়ী নাসিম ভূঁইয়া বিনা টাকায় কম্পিউটারে কিছু কাজ করাতে দোকানে যান। দোকান মালিক আলী আজম মানিক তা না করলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন।

ঘটনার বিষয়ে মঙ্গলবার (২৪ জুন) ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী আলী আজম মানিক থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত নাসিম ভূঁইয়া দাবি করেন, দোকানে গিয়ে কাজ করাতে চাইলে মানিক তা করতে অস্বীকৃতি জানান। এতে রাগান্বিত হয়ে তিনি ওই কাজ করেন। তবে তিনি স্বীকার করেন, এভাবে মারধর করা উচিত হয়নি।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা