প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৫

ইরানে ধারাবাহিক হামলায় ‘লক্ষ্য পূরণ’ করার দাবি করে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় দেশটি। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছে তেলআভিভ।

মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েল সরকারের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

এছাড়া যুদ্ধবিরতির লঙ্ঘন করা হলে কঠোর জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে দেশটি। মঙ্গলবার (২৪ জুন) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, ইরানে প্রায় দুই সপ্তাহের ধারাবাহিক হামলায় লক্ষ্য পূরণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে তারা।

এটাই ছিল যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রথম আনুষ্ঠানিক মন্তব্য। বিবৃতিতে বলা হয়, “ইসরায়েল পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র—দুই দিক থেকেই ইরানের তাৎক্ষণিক ও অস্তিত্বগত হুমকি নির্মূল করেছে।”

ইসরায়েল আরও দাবি করে, “আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) এখন তেহরানের আকাশে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, ইরানি সামরিক নেতৃত্বকে ভয়াবহভাবে দুর্বল করেছে এবং ইরানের ভেতরে সরকারের বহু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।”

ইসরায়েল তাদের এই অভিযানে সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছে, “ইরানের পারমাণবিক হুমকি নির্মূলে সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।”

ইরানকে সতর্ক করে বিবৃতিতে আরও বলা হয়, “যুদ্ধবিরতির যেকোনো লঙ্ঘনের কঠোর জবাব দেওয়া হবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা