মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ ঘোষণার পরও ইসরায়েল ও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসেনি। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একেবারেই নীরব থাকায় আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলে বাড়ছে উদ্বেগ ও বিভ্রান্তি।
মঙ্গলবার (২৪ জুন) এ তথ্য জানায় আল জাজিরা। যুদ্ধবিরতির ঘোষণার পরও ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
সংবাদমাধ্যমটি বলছে, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, সোমবার রাত গভীর পর্যন্ত নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভার এক বিশেষ বৈঠক করেন। ওই বৈঠকে তিনি মন্ত্রীদের বলেন, তারা যেন যুদ্ধবিরতি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করেন।
অন্যদিকে, ইরান জানিয়ে দিয়েছে— যদি ইসরায়েল তাদের ওপর হামলা বন্ধ করে, তাহলে ইরানও প্রতিশোধমূলক হামলা বন্ধ করবে।
তবে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইসরায়েল লক্ষ্য করে একাধিক দফায় হামলা চালানো হয়েছে। ইরানের হামলায় ইসরায়েলের বিয়ারশেবা শহরে এ পর্যন্ত অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষও এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ব্যাপারে কিছু জানায়নি, ফলে পরিস্থিতি এখনও অস্থির ও অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।